ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশ থেকে ১৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় ঢাকামুখী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এই বিশাল মাদকের চালান জব্দ করা হয়।
পুলিশের হাতে আটক হওয়া ব্যক্তিরা হলেন—
১. মোঃ ফিরোজ (৪৬): চট্টগ্রাম জেলার ডবলমুরিং থানাধীন পশ্চিম নাসিরাবাদ (আজিজ মিয়ার ঘর, ফজু মিয়া কন্ট্রাং রোড) এলাকার মৃত আঃ আজিজের ছেলে।
২. মোঃ মিলন গাজী: মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানাধীন রসুলপুর ইউনিয়নের নয়ানগর (পশ্চিম পাড়া) গ্রামের মৃত দুলাল গাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানাধীন দক্ষিণ সতানন্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে নিয়মিত তল্লাশি চৌকি বসায় পুলিশ। সকাল ১০:৪০ ঘটিকার সময় মেঘনা-গোমতী সেতু টোল প্লাজার ১০০ গজ পশ্চিমে একটি সন্দেহভাজন প্রাইভেটকারকে থামানোর সংকেত দেওয়া হয়।
পরবর্তীতে গাড়িটি থামিয়ে তল্লাশি চালালে সুকৌশলে লুকিয়ে রাখা ৮টি বিশেষ প্যাকেটে মোট ১৬,০০০ (ষোলো হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক পরিবহনের দায়ে গাড়িটিতে থাকা ফিরোজ ও মিলন গাজীকে আটক করার পাশাপাশি মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।
দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন জেলায় মাদকের বড় বড় চালান সরবরাহ করে আসছিল।
“মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মহাসড়কে আমাদের এই নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত গাড়িসহ তাদের আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়াদীন চলমান রয়েছে।
ডিএস./



















