প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারত দুই দেশের মধ্যে ভ্রমণ ভিসায় যাত্রী পারাপার পুনরায় শুরু হয়েছে। গত বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথম এক বাংলাদেশি যাত্রী দীর্ঘদিন পর ভ্রমণ ভিসায় ভারতে প্রবেশ করেন। স্থলবন্দর সূত্রে জানা যায়,দীর্ঘ দুই বছর পর চালু হওয়া ভ্রমণ ভিসায় আবেদন করে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ফুলবাড়িয়ার একজন বাসিন্দা ভ্রমণ ভিসায় ভারতে যান। অন্যদিকে বাংলাদেশ থেকে অধিকাংশ যাত্রী চিকিৎসা ভিসায় ভারতে গেলেও প্রথম বাংলাদেশি যাত্রী হিসেবে তিনি ভ্রমণ ভিসায় দেশটিতে প্রবেশ করেন।
তবে ভারতে পুনরায় ভ্রমণ ভিসা চালু হওয়ায় আগামী সামনের দিনগুলোতে দুদেশের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাংলাদেশি যাত্রীর সংখ্যাও অতীতের মত পুনরায় বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। স্থলবন্দর সূত্র আরও জানায়, ভ্রমণ ভিসায় ভারতে যাওয়া ব্যাক্তি গত ২৮ জুন ভিসার জন্য আবেদন করেন এবং ৮ জুলাই ছয় মাস মেয়াদি ভিসা পেয়ে ভারতে গমন করেন। এ ব্যাপারে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) মোঃ আব্দুর রহিম বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ঐ বাংলাদেশি যাত্রী ভ্রমণ ভিসায় ভারতে প্রবেশ করেছেন।
পাশাপাশি ৮ জুলাই থেকে ভ্রমণ ভিসা ইস্যু শুরু হওয়ায় আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার পূর্বের নেয় আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। উল্লেখ্য, ২০২৪ এর ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর পরবর্তী পরিস্থিতি বিবেচনায় ভারত বাংলাদেশের নাগরিকদের জন্য সব ধরনের ভ্রমণ ভিসা স্থগিত করেছিল। এরপর গত ২৮ জুন থেকে প্রায় দুই বছর পর পরিস্থিতি বিবেচনায় আবেদনকারীদের আবেদনের প্রেক্ষিতে ভিসা প্রদান পুনরায় শুরু হয়। সেক্ষেত্রে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় যেসব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বা (ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার) রয়েছে সেসব সেন্টারে যাত্রীদের ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে হবে।
ডিএস./



















