সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং সড়কপথে অপরাধ দমনে নওগাঁ জেলা পুলিশের তৎপরতা আরও জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গভীর রাতে নওগাঁ জেলার পোরশা থানা এলাকার সরাইগাছি আড্ডা গোমস্তাপুর আঞ্চলিক সড়কে ডমিনেন্ট পেট্রোলিং পরিচালনা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পরিদর্শনকালে পুলিশ সুপার সড়কে চলাচলকারী বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে চালকদের সঙ্গে কথা বলেন। তিনি সড়কের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, রাতের বেলায় চলাচলে কোনো ধরনের সমস্যা বা ঝুঁকি রয়েছে কি না, এবং নিরাপত্তা আরও কীভাবে উন্নত করা যায় এসব বিষয়ে চালকদের মতামত ও পরামর্শ মনোযোগসহকারে শোনেন। পাশাপাশি তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যাতে সড়কপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায়।
এ সময় বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা জানান, জেলা পুলিশের নিয়মিত টহল এবং রাতভর সক্রিয় উপস্থিতির কারণে তারা আগের তুলনায় অনেক বেশি নিরাপদ বোধ করছেন। বিশেষ করে এই গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কে পুলিশের দৃশ্যমান উপস্থিতি তাদের মধ্যে আস্থা সৃষ্টি করেছে। তারা নিরাপত্তা জোরদারে জেলা পুলিশের গৃহীত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়কপথে ছিনতাই, ডাকাতি, মাদক পরিবহনসহ যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে নিয়মিত ডমিনেন্ট পেট্রোলিং, চেকপোস্ট ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
নওগাঁ জেলা পুলিশ সকলকে নির্ভয়ে সড়কপথে চলাচলের আহ্বান জানিয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশের সদস্যরা দিন-রাত মাঠে থেকে জনগণের জানমাল রক্ষা, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
ডিএস./





















