নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনাখালী, পিরোজপুর ও গোলাবাড়ি এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে পরিচালিত চুন ও ঢালাই কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব সুহা তাবিলের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মোট চারটি স্থানে অভিযান চালিয়ে তিনটি চুন কারখানার পাঁচটি ভাট্টি এবং একটি ঢালাই কারখানার একটি ভাট্টিসহ মোট ছয়টি অবৈধ ভাট্টি উচ্ছেদ করা হয়। এক্সক্যাভেটর মেশিনের মাধ্যমে কারখানাগুলোর স্থাপনা ভেঙে ফেলা হয়।
অভিযানে ১.৫ ইঞ্চি ব্যাসের ১০ ফুট এমএস পাইপ জব্দ করা হয় এবং আনুমানিক ৩৫০ ফুট হোজ পাইপ স্পটেই বিনষ্ট করা হয়।
তিতাস গ্যাসের তথ্যমতে, উচ্ছেদ করা স্থাপনাগুলোর মোট বিচ্ছিন্নকৃত গ্যাস লোড ১১ হাজার ৬০০ ঘনফুট/ঘণ্টা। এর ফলে প্রতিদিন আনুমানিক ২ লাখ ৩৬ হাজার ৫০০ টাকার গ্যাস সাশ্রয় হবে।
তবে অভিযানের সময় কারখানাগুলোর মালিকদের উপস্থিত না পাওয়ায় কাউকে জরিমানা বা কারাদণ্ড দেওয়া সম্ভব হয়নি। এ ঘটনায় কোনো মামলা বা এফআইআরও দায়ের করা হয়নি।
ডিএস/



















