১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সুজানগরে ২ শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুসহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব ড.মির্জা জলিল, ড.মজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান উজ্জল, আশিকুর রহমান সবুজ, ইমরান সিরাজ সম্রাট, আব্দুল আজিজ খান, ডাঃ শফিউল আলম বাদশা নির্বাচনী এলাকার হাট-বাজারসহ বিভিন্ন স্থানে এ সকল তোরণ নির্মাণ করেছে।
এ ছাড়া আগস্ট উপলক্ষে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা নিচে তাদের ছবি দিয়ে হাজারো বিলবোর্ড ও পোস্টার লাগানোর মধ্যে দিয়ে জানান দিচ্ছেন তাদের প্রার্থীতা।
সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মো.আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক শাহীন জানান, পাবনা-২ আসন (সুজানগর-বেড়া) নির্বাচনী এলাকায় অনেকটা প্রতিযোগিতা করেই ২ শতাধিক তোরণ নির্মাণ করেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশীরা। আর এ সকল কাজ করার ফলে স্থানীয় সকল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে দলের প্রতি আরো আন্তরিকতা বৃদ্ধি পাবে বলে মনে করছেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের শীর্ষ এ দুই নেতা।












