ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিশেষ অভিযান চালিয়ে ৭টি চোরাই মোবাইল ও ২টি ল্যাপটপসহ জুবায়ের প্রকাশ রায়হান নামের এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত জুবায়ের প্রকাশ রায়হান জেলার নাসিরনগর থানার ধরমন্ডল লম্বা হাটির মোঃ ফারুক মিয়ার ছেলে।
পুলিশের দেওয়া তথ্য মতে,নাসিরনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অত্র থানার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল বাজারে জুলহাস মিয়ার মোবাইল সার্ভিসিং এর দোকানে চুরি হওয়া বিভিন্ন মোবাইল ফোন ক্রয়-বিক্রয় করা হচ্ছে এবং এর পাশাপাশি বিশেষ এক ধরনের সফটওয়্যার ও ডিভাইসের মাধ্যমে সেই দোকানে চোরাই মোবাইল ফোনের IMEI নম্বর পরিবর্তন করা হয়।
এই খবরের সুবাদে নাসিরনগর থানা পুলিশের একটি চৌকস টিম বুধবার (২ সেপ্টেম্বর) বিকাল ০৪ঃ৫৫ মিনিটের দিকে ধরমন্ডল এলাকায় অভিযান পরিচালনা করে Vivo, Realme, Tecno ও Redmi ব্র্যান্ডের বিভিন্ন মডেলের মোট ৭টি চোরাই মোবাইল ফোন এবং IMEI নম্বর পরিবর্তনের কাজে ব্যবহৃত HP EliteBook 845G7 ও ASUS X509J মডেলের ২টি ল্যাপটপ উদ্ধার করে এবং উপরে উল্লেখিত আসামীকে গ্রেফতার করে এবং উদ্ধারকৃত মালামাল নমুনাসহ বিধি মোতাবেক জব্দ করে।
এ ব্যাপারে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনূল ইসলাম জানান, আসামীকে গ্রেফতার এ-সংক্রান্তে নাসিরনগর থানায় তার বিরুদ্ধে একটি মামলা রুজু করাসহ আইনানুগ ব্যবস্থার অংশ হিসেবে বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক সহ যে কোন অপরাধীর বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান ।
ডিএস.//



















