দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে র্যালি এবং টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গনে এ কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে সচেতনতামূলক র্যালি বের করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতালে গিয়ে শেষ হয়।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, অপ্রয়োজনীয় পানি জমার স্থান পরিষ্কার এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়। এ সময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামসুল আলম সরকার, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আব্দুল কুদ্দুছ, জেনারেল হাসপাতালের উপ পরিচালক খন্দকার সাদিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর পদক্ষেপগুলোর একটি হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। তাই বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা কিংবা যেকোনো পাত্রে পানি জমতে না দেওয়ার পরামর্শ তাদের। এছাড়াও দেশকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চান টুকু।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছর টাঙ্গাইলের স্বাস্থ্য ব্যবস্থাকে ফ্যাসিস্ট সরকার ধ্বংস কর গেছে। আমাদের হস্তক্ষেপে পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে যদি কোন অব্যবস্থাপনা থেকে থাকে, তা অতি দ্রুত সমাধান করা হবে।
ডিএস./



















