দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে তিন মাস ব্যাপী দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ পরিষ্কার ও পরিচ্ছন্নতা কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন এর পরপর মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, ২০২৬ বাস্তবায়ন উপলক্ষ্যে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সেমিনার কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু।
এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়া, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি উপ-পরিদর্শক (এসআই) মো. ইমতিয়াজ, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারীসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পরিষ্কার পানিতে মশার লার্ভা জন্ম নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারি প্রতিষ্ঠানের একার দায়িত্ব নয়। এ কাজে জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সচেতনতা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তিনি।
ডিএস./



















