সোনারগাঁয়ে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ চুন কারখানার ৭টি ভাট্টির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে ঘণ্টায় প্রায় ১৪ হাজার ঘনফুট গ্যাস সাশ্রয় হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সোনারগাঁয়ের সোনাখালী, মল্লিকপাড়া, পিরোজপুর ও ইছাপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুহা তাবিলের নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র জোনাল বিক্রয় অফিস-মেঘনাঘাটের কর্মকর্তারা অভিযানে অংশ নেন।
অভিযানে সোনাখালীতে একটি চুন কারখানার ২টি, মল্লিকপাড়ায় একটি কারখানার ২টি এবং পিরোজপুরে একটি কারখানার ৩টি ভাট্টির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া ইছাপাড়ায় একটি চুন কারখানার ১টি ভাট্টি উচ্ছেদ করা হয়, যদিও সেটিতে গ্যাস সংযোগ পাওয়া যায়নি। একই এলাকায় একটি অবৈধ আবাসিক গ্যাস লাইনও কিল করা হয়।
অভিযানে ১.৫ ইঞ্চি এমএস পাইপ ২০ ফুট জব্দ করা হয়। এছাড়া প্রায় ৪২০ ফুট প্লাস্টিকের হোজ পাইপ ঘটনাস্থলেই কেটে বিনষ্ট করা হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, বিচ্ছিন্ন করা ৭টি ভাট্টির মোট লোড ঘণ্টায় ১৪ হাজার ঘনফুট। এতে দৈনিক আনুমানিক ২ লাখ ৯০ হাজার ২০০ টাকার গ্যাস সাশ্রয় হবে।
অভিযানে কোনো জরিমানা বা মামলা করা হয়নি। কারখানাগুলোর মালিকদের ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় জেল বা জরিমানা করা সম্ভব হয়নি। এক্সক্যাভেটর ও শ্রমিকদের মাধ্যমে কারখানার স্থাপনা ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। সংশ্লিষ্ট জমির মালিক ও কারখানা পরিচালকদের বিরুদ্ধে ইতোপূর্বে সোনারগাঁ থানায় একাধিক মামলা/এফআইআর করা হয়েছে বলে জানানো হয়।
ডিএস./



















