তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখার লক্ষ্য নিয়ে নওগাঁয় শুরু হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও আস্থা বাড়ানোর লক্ষ্য রয়েছে এ আয়োজনের। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নওগাঁ শহরের ঐতিহ্যবাহী নওজোয়ান মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। মাননীয় আইজিপির নির্দেশক্রমে প্রতিযোগিতার উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
প্রতিযোগিতায় জেলার ১১টি থানার নারী ও পুরুষ দল অংশ নিচ্ছে। জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার পরামর্শক্রমে আগ্রহী, মেধাবী ও উদ্যমী অনূর্ধ্ব-২০ বয়সী তরুণ খেলোয়াড়দের বাছাই করে নারী ও পুরুষ উভয় বিভাগে দল গঠন করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশীয় ও ঐতিহ্যবাহী খেলা কাবাডিকে কেন্দ্র করে তরুণদের মাঠমুখী করাই এ প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য।এ প্রতিযোগিতার মধ্য দিয়ে তরুণ খেলোয়াড়দের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সহনশীলতার মতো গুণাবলি বিকাশের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে পুলিশ ও সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
নওগাঁর ১১টি থানার নারী ও পুরুষ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় ক্রীড়াঙ্গনেও উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। অনূর্ধ্ব-২০ বয়সী খেলোয়াড়দের অংশগ্রহণের ফলে প্রতিযোগিতাটি স্থানীয় পর্যায়ে নতুন খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিংয়ের সেক্রেটারি ও সদস্যবৃন্দ এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা বলেন, অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা ও দায়িত্ববোধ তৈরিতে সহায়তা করে। এ ধরনের আয়োজনের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের প্রত্যাশায় এ কাবাডি চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে।
ডিএস./



















