ময়মনসিংহের ভালুকায় ভাটগাঁও ডাক্তার এম আমাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ে আসার পথে শিক্ষকদের ওপর হামলার অভিযোগ ওঠার পর শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা শিক্ষকদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, শিক্ষকদের ওপর হামলার মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের ভাষ্য, শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত না হলে শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
হামলার শিকার ভাটগাঁও ডাক্তার এম আমাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী অভিযোগ করে বলেন, হেলাল ও তাঁর দুই ছেলে কবির হোসেন ও স্বাধীন পরিকল্পিতভাবে হামলা চালায়।
অভিযোগের বিষয়ে হেলালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ফলে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি।
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন বলেন, বিষয়টি আমি অবগত রয়েছি। ওই শিক্ষককে থানায় অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে।
ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। হামলার অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ডিএস./



















