নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজনের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। অপর ছয়জনকে মাদক সেবন ও জনশান্তি বিঘ্নিত করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনা ও তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নওগাঁ সদর থানা পুলিশ যৌথভাবে অভিযানে অংশ নেয়।
পুলিশ জানায়, অভিযানের সময় সুইপার কলোনির ২ নম্বর গেটের সামনে মুনি (৪৫) নামে এক নারীকে তল্লাশি করা হয়। এ সময় তার হেফাজত থেকে কালো পলিথিনে মোড়ানো চারটি প্যাকেটে রাখা ৩০০, ৩০০, ৩০০ ও ২৭০ পিস মোট ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশের দাবি, এ সময় মুনির সহযোগী হিসেবে মানিক (৩৮) ও শাওন (৪২) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযান চলাকালে সুইপার কলোনি এলাকা থেকে মাদক সেবন ও জনশান্তি বিঘ্নিত করার অভিযোগে সিয়াম (১৯), রাকিব (১৯), আবির হোসেন (১৯), মাসুদ রানা (৩২), মনোয়ার হোসেন (৪৮) ও রাজু মিয়া (৩২) নামে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সিয়াম নওগাঁর আনন্দনগর, রাকিব পাটালির মোড় শাহি মসজিদ এলাকা, আবির হোসেন হাট নওগাঁ, মাসুদ রানা কুমাইগাড়ি, মনোয়ার হোসেন আত্রাই উপজেলার বড় সাওতা এবং রাজু মিয়া মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বাসিন্দা। তারা নওগাঁ শহরের বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন।
এ ঘটনায় নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় মাদক প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ়ভাবে কাজ করছে। এসব এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। প্রয়োজন হলে প্রতিদিনও অভিযান চালানো হবে। মাদক প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ডিএস./



















