টাঙ্গাইলের কালিহাতীতে দুর্বৃত্তদের হামলায় মোহাম্মদ শহীদ মন্ডল (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চরহামজানী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের পর শহীদ মন্ডলকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এ সময় ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। হামলার পর ঘটনাস্থলে পড়ে থাকা অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
পরে দ্রুত তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার অবস্থার অবনতি ঘটে। পরে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, ঘটনার খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত অব্যাহত রয়েছে।
ডিএস/




















