শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ৯টি দুর্গাপূজা মণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মোট ৫ টন ৪০০ কেজি চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার ৯টি পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষথেকে এসব চাল বিতরণ করা হয়। প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল দূর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি/সম্পাদকের হাতে তুলেদেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতুর পক্ষে মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ।
দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সরকারের পক্ষ থেকে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। চাল বিতরণকালে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি/সম্পাদকরা সরকারের পক্ষ থেকে দেওয়া এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ সহায়তা পূজা উদযাপনে সংশ্লিষ্টদের কিছুটা হলেও সহযোগিতা করবে।
এদিকে, শারদীয় দুর্গোৎসবকে ঘিরে মাটিরাঙ্গার বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু, বলেন, প্রশাসনের পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষথেকে যাবতীয় সহযোগিতা অব্যাহত থাকবে।























