দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় নোয়াখালীতে আমন ধান আবাদে দেখা দিয়েছে পানি সংকট। এতে মাঠ ফেটে চৌচির হয়েছে, ঝলসে গেছে হাজারো হেক্টর জমির ফসল। ফলে চলতি মৌসুমে জেলায় আমনের ফলন বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। ফলে বড় লোকসানের মুখে পড়ার কথা জানিয়েছেন কৃষকরা। গবেষকদের মতে, এখনই চাষ পদ্ধতি উন্নতির পাশাপাশি স্বল্প দৈর্ঘ্যরে জীবৎকাল ও লবণসহিষ্ণু জাত সম্প্রসারণ করা জরুরি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ বছর নোয়াখালীতে ১ লাখ ৭০ হাজার ৬২২ হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে। ধান উৎপাদন হওয়ার কথা ৪ লাখ ৬৭ হাজার ৯৫০ টন। এবার বেশি জমিতে আমন আবাদ হয়েছে। কিন্তু, অনাবৃষ্টির কারণে উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফসলের কী পরিমাণ ক্ষতি হবে তার সঠিক হিসাব এখনো নিশ্চিত করতে পারেনি তারা।
সুবর্ণচরের কয়েকটি ইউনিয়নের মাঠ সরজমিনে দেখা যায়, জমির মাটি ফেটে ধানগাছ ঝলসে গেছে। প্রথম দেখায় মনে হয়, শত্রুদের দেওয়া আগুনে পুড়েছে এসব ধান।
কৃষকরা জানান, এ বছর জুন-জুলাইয়ে অতিবৃষ্টির কারণে তারা নির্দিষ্ট সময়ে মাঠে ধান আবাদ করতে পারেননি। আবার যখন গাছে ধান আসার কথা, তখন বৃষ্টি না থাকায় দেখা দিয়েছে পানিশূন্যতা। বিশেষ করে আগস্টের মাঝামাঝি থেকে বৃষ্টি হয়নি। ফলে ক্ষেতের ফসল ঝলসে গেছে, মাটি ফেটে গেছে। কেউ কেউ সেচ দিয়ে ফসল রক্ষা করতে পারলেও বেশির ভাগ কৃষকই তা পারেননি।
সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের দক্ষিণ কচ্ছপিয়া গ্রামের কৃষক মো. সিরাজ মিয়া জানান, প্রায় পাঁচ একর অন্যের জমি বর্গা নিয়ে তিনি রোপা আমন আবাদ করেন। কিন্তু দুই মাসের বেশি সময় ধরে বৃষ্টি না থাকায় তার অর্ধেক ফসলই ঝলসে গেছে। যেটুকু অবশিষ্ট আছে, তাতেও আশানুরূপ ফলন নেই। আবাদে তার অন্তত ২ লাখ টাকার মতো খরচ হয়েছে। ব্যাংক ঋণ ও সুদে টাকা নিয়ে চাষ করা ফসল নষ্ট হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তিন।
তিনি বলেন, “অতিরিক্ত রোদ এবং বৃষ্টি না হওয়ায় জমির মাটি ফেটে গেছে, লবণাক্ততা দেখা দিয়েছে। তারপর ধীরে ধীরে জমির ধানগুলো ঝলসে যেতে শুরু করে।”
চরওয়াপদা ইউনিয়নের কৃষক মো. নোমান বলেন, “আট একর জমিতে আমন আবাদ করেছি। এরই মধ্যে অন্তত দুই একরেরও বেশি জমির ফসল সম্পূর্ণ ঝলসে গেছে। বাকি জমিতে ধানের পেটে কিছু নেই। লক্ষণ দেখে বোঝা যাচ্ছে এগুলো চিটায় পরিণত হবে।”
তিনি জানান, ফলন ভালো হলে এ বছর অন্তত ৪০০ মণ ধান উৎপাদন হতো তার জমি থেকে। এখন এর অর্ধেকও হবে না। এতে তিনি যেমন লোকসানে পড়ছেন, তেমনি পরিবার-পরিজন নিয়ে নানা সংকটে পড়ার আশঙ্কা রয়েছে তার।
কৃষকদের দাবি, নিজেদের অনভিজ্ঞতা, আবহাওয়ার পরিবর্তন না বোঝা এবং কৃষি কর্মকর্তাদের সঠিক পরামর্শ না পাওয়ায় গতানুগতিক কৃষিতেই অভ্যস্ত হয়ে পড়েছেন তারা।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের নোয়াখালী অঞ্চলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আ হা মো. আমীর ফয়সাল বলেন, “পরবর্তী সময়ে এ পরিস্থিতি মোকাবেলায় উপযোগী স্বল্পমেয়াদি ও লবণাক্ততা সহনশীল জাত ব্যবহার, উঁচু স্থানে মানসম্মত বীজতলা তৈরি, সময়মতো চারা রোপণ এবং অতিবৃষ্টিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি খাল পুনঃখননের মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষণ করে অনাবৃষ্টির সময়ে ক্ষেতে সেচের জন্য পানি সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।”
নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশীষ কুমার কর বলেন, “ভবিষ্যতে পানির প্রাকৃতিক উৎস বাড়ানো ও লবণসহিষ্ণু জাত আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। বøক ওয়ারি গ্রুপের মাধ্যমে কৃষকদের সঙ্গে নিয়মিত সমাবেশ করা হচ্ছে। স্বল্পমেয়াদি ও লবণসহিষ্ণু জাতগুলোতে ফলন তুলনামূলক কম হওয়ায় কৃষকরা এতে কম আগ্রহী। এরপরও বারবার কৃষককে উৎসাহিত করা হচ্ছে। একই সঙ্গে গবেষণা বিভাগের সঙ্গেও নিয়মিত বৈঠক করে নতুন জাত উদ্ভাবনের জন্য সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ”
চলতি বছর আমনে যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হবেন, তাদের রবি মৌসুমে বিশেষ প্রণোদনার আওতায় আনা হবে বলেও জানান তিনি।
_Rs_






















