সিলেট ও ময়মনসিংহে হাম পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম সন্দেহে মারা গেছে আরও এক শিশু। সিলেট বিভাগে এ নিয়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১৭ জনে। অন্যদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরের ১৭ মার্চ থেকে এ পর্যন্ত ৮৮ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক হাম ও রুবেলা পরিস্থিতি-সংক্রান্ত প্রতিবেদনে সিলেট বিভাগের মৃত্যুর তথ্য জানানো হয়। একই দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রকাশিত হাম পরিস্থিতির সারাংশে হাসপাতালটির রোগী ভর্তি, ছাড়পত্র ও মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।
সিলেট বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১১ ও ১২ নভেম্বর মারা যাওয়া তিন শিশুর বয়স ছিল যথাক্রমে ১১ মাস, ৪ মাস ১৭ দিন ও ৯ মাস। তাদের মধ্যে দুজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। মৃত তিন শিশুর মধ্যে দুইজন সিলেট জেলার এবং একজন হবিগঞ্জের বাসিন্দা।
অন্যদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে একজনের মৃত্যু হয়েছে। আট মাস বয়সী ওই শিশুর বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলায়। হাসপাতালের তথ্য অনুযায়ী, শিশুটি ৮ নভেম্বর সকাল ১১টা ৫৮ মিনিটে ভর্তি হয়েছিল। ১২ নভেম্বর ভোর ৮টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, গুরুতর নিউমোনিয়ার সঙ্গে সন্দেহভাজন হামজনিত অপরিবর্তনীয় হৃদ্যন্ত্র ও শ্বাসপ্রশ্বাসের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৭ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সেখানে মোট ৬ হাজার ২৬৮ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৬ হাজার ২৬ জন। এ সময়ে মোট ৮৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫৪ জন।
হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮ জন রোগী ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৬১ জন। একই সময়ে হাম সন্দেহে একজনের মৃত্যু হয়েছে।
এদিকে, সিলেট বিভাগে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩১২ জন। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২ জন, হবিগঞ্জে ২৬০ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৪৫২ জন সন্দেহভাজন রোগী রয়েছেন।
বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, সিলেটে হাম ও হাম সন্দেহে মোট ২১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০৭ জন সন্দেহভাজন এবং ১০ জন নিশ্চিত হাম রোগী। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৮৯ জন, হবিগঞ্জে ৩৫ জন, মৌলভীবাজারে ১৭ জন এবং সুনামগঞ্জে ৭৬ জনের মৃত্যুর তথ্য রয়েছে।
অন্যদিকে, সিলেট বিভাগের সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে ৪৬৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৮৯ জন রোগী ভর্তি রয়েছেন। সব মিলিয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫৫৮ জন।
_Rs_























