চট্টগ্রামের লোহাগাড়ায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া গড়ে উঠেছে প্রায় ৪০টির মতো অবৈধ ইটভাটা। এসব ইটভাটায় পুড়ানো হয় বনাঞ্চলের কাঠ, কাঁচা ইট তৈরীর জন্য কাটা হয় পাহাড় কিংবা কৃষি জমির টপসয়েল। এরই অংশ হিসেবে রাতের আধারে কৃষি জমির টপসয়েল কেটে ইটভাটায় পাচার করছে একটি প্রভাবশালী চক্র।
পরিবেশ ও রাস্তাঘাট রক্ষার্থে এসব মাটি কাটার বিরুদ্ধে প্রতিবাদ করায় মাটি-খেকোদের হামলার শিকার হয়েছেন উপজেলার চরম্বা ইউনিয়নের ইউপি সদস্য ওসমান গণিসহ এলাকার বেশ কিছু যুবক।
প্রতিবাদকারীদের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও অবৈধ ইটভাটা এবং মাটি কাটা বন্ধের দাবিতে শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার চরম্বায় বিবিরবিলা পরিবেশ রক্ষা বাস্তবায়ন পরিষদের ব্যানারে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এতে এলাকার কয়েকশো নারী-পুরুষ ও শিশুকিশোর অংশ নেন। মানববন্ধন থেকে ইউপি সদস্যসহ স্থানীয় গ্রামবাসীর ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকায় অবৈধ ইটভাটা পরিচালনা ও কৃষিজমির মাটি কাটার কারণে পরিবেশ ও কৃষিজমি মারাত্মক হুমকির মুখে পড়েছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ইউপি সদস্য মোহাম্মদ ওসমান গণিসহ স্থানীয় গ্রামবাসীর ওপর হামলার ঘটনা ঘটেছে। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় স্থানীয়দের প্রতিবাদ দমিয়ে রাখার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে অবৈধ ইটভাটা বন্ধ, কৃষিজমির মাটি কাটা বন্ধ এবং হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। মানববন্ধন থেকে পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন আয়োজকরা। মানববন্ধনে স্হানীয় বাসিন্দা মো. ওসমান গণি, মো. কাইছার, মোস্তাফা কামাল, মো. বেলাল, মো. ফৌজুল কবির ও জানে আলমসহ অনেকে বক্তব্য রাখেন।
ডিএস./



















