দাউদকান্দি নৌবন্দর বাস্তবায়িত হলে তা দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সামগ্রিক উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, কৃষি, বাণিজ্য, শিল্প, পরিবহন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এ নৌবন্দর জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে কুমিল্লার দাউদকান্দি নৌবন্দর এবং গোমতী নদীর তীরে প্রস্তাবিত ইকোপার্ক নির্মাণের প্রকল্প এলাকা পরিদর্শনে আসা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের উপস্থিতিতে তিনি এসব কথা বলেন।
এর আগে সকালে দাউদকান্দি ঘাটে পৌঁছালে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. মুহিদুল ইসলামের নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান ড. খন্দকার মারুফ হোসেন,উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক নাহিদ আহমেদ সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। পরে প্রতিনিধিদলটি প্রস্তাবিত নৌবন্দর ও ইকোপার্ক প্রকল্প এলাকার নদীর নাব্যতা, সম্ভাব্য অবকাঠামো এবং সড়ক ও নৌ যোগাযোগব্যবস্থা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে সার্বিক পরিস্থিতি ও ভৌগোলিক গুরুত্ব বিবেচনা করে প্রকল্পের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান ও কর্মকর্তারা।
পরিদর্শনকালে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. মুহিদুল ইসলামের সঙ্গে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বিআইডব্লিউটিএর সদস্য (পরিকল্পনা ও পরিচালন) মো. সাজেদুর রহমান, বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম, পরিকল্পনা বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন চৌধুরী, নৌসংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাহাজাহান, প্রধান প্রকৌশলী (পুর) মো. সাইদুর রহমান এবং মেঘনা নদীবন্দরের উপপরিচালক মো. নূর হোসেন।
সংশ্লিষ্টদের আশা, দাউদকান্দি নৌবন্দর ও গোমতী তীরবর্তী ইকোপার্ক প্রকল্প দ্রুত বাস্তবায়িত হলে একদিকে যেমন এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহনে গতি আসবে, অন্যদিকে স্থানীয় মানুষের জন্য একটি নান্দনিক বিনোদনকেন্দ্র গড়ে উঠবে।
ডিএস./



















