লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ২২ বছর পর প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলাজুড়ে বইছে নতুন উৎসাহ, উদ্দীপনা ও প্রত্যাশার আমেজ। প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি বিএনপি’র নেতাকর্মীদের মধ্যেও দেখা যাচ্ছে ব্যাপক তৎপরতা।
জানা গেছে, দীর্ঘ প্রায় দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম সফর লালমনিরহাট। সরকার প্রধানের এই আগমনকে কেন্দ্র করে পুরো জেলায় ব্যাপক প্রশাসনিক তৎপরতা, রাজনৈতিক উদ্দীপনা ও সাধারণ মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শহর জুড়ে চলছে সাজসজ্জার কাজ। রাস্তাঘাট ও সড়ক বিভাজক ধোয়া-মোছা এবং রং করার কাজ চলছে দিনরাত। প্রধান সড়কগুলোর ফুটপাত পরিষ্কার করে চলাচলের উপযোগী করা হয়েছে। শহরকে দৃষ্টিনন্দন করে তুলতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর দেওয়া তথ্য অনুযায়ী, দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী জেলার উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ড সংশ্লিষ্ট তিনটি প্রধান কর্মসূচিতে অংশ নেবেন।
লালমনিরহাটে অবস্থিত অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় এবং মহেন্দ্রনগরে মডেল খাল খনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বেচ্ছাসেবীদের সাথে বিশেষ মতবিনিময় সভায় যোগদান। লালমনিরহাট কালেক্টরেট মাঠে বিশাল জনসভায় বক্তব্য প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সফর সফল করতে জেলা প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন। লালমনিরহাট কালেক্টরেট মাঠে বিশাল সভামঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায় দ্রুতগতিতে এগিয়ে চলছে। এরআগে, সফরকে স্বাগত জানিয়ে গত ১৫ নভেম্বর ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে লালমনিরহাট শহরে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে ১৪ কিলোমিটার দীর্ঘ এক বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। দলীয় নেতাকর্মীরা সফর সফল করতে সাংগঠনিক তৎপরতা, প্রচার-প্রচারণা ও বিভিন্ন প্রস্তুতিমূলক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আনন্দ মিছিল ও বিভিন্ন কর্মসূচিও পালন করা হচ্ছে। জেলার প্রতিটি উপজেলায় ত্রাণমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু ইতিমধ্যেই ‘আলোকিত লালমনিরহাট’ এর বিভিন্ন কমিটিগুলোর সঙ্গে সভা সেমিনার করেছেন।
স্থানীয় নেতাকর্মীদের কাছে এই সফর শুধু দলীয় প্রধানের আগমন নয়, বরং জেলার উন্নয়ন, রাজনৈতিক কর্মকাণ্ডের গতি এবং স্থানীয় মানুষের দাবি-দাওয়া জাতীয় পর্যায়ে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে নতুন করে আশার আলো দেখছেন লালমনিরহাটবাসী। স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা কাটিয়ে ওঠার এটিই বড় সুযোগ। বিশেষ করে বহুল কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, তিস্তা ও ধরলা নদীর ভাঙন রোধ, বন্ধ থাকা লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালু করা, লালমনিরহাট থেকে বুড়িমারী সড়ক ফোরলেন বাস্তবায়ন, মোগলহাট স্হল বন্দর বাস্তবায়ন, শিল্পকারখানা ও কৃষিভিত্তিক শিল্পের বিকাশ, লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, হাসপাতাল চিকিৎসক সংকট ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং এ অঞ্চলে নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে সুনির্দিষ্ট ঘোষণা ও কার্যকর উদ্যোগের প্রত্যাশা করছেন জেলার সর্বস্তরের মানুষ।
লালমনিরহাট পৌর বিএনপির আহ্বায়ক আফজাল হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জেলায় আগমন করবেন, এটা আমাদের দলের এবং সর্বোপরি এ অঞ্চলের মানুষের জন্য অনেক আনন্দের। এ অঞ্চলের মানুষের প্রত্যাশা, তিস্তা মহাপরিকল্পনা, বুড়িমারী স্থলবন্দরের যোগাযোগের উন্নয়ন, বিমানবন্দরের মতো উন্নয়নের বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেবেন। আমরা লালমনিরহাটবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছি তাঁর আগমনের।
লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষ করে বিপুল জনসমাগম এবং মাননীয় প্রধানমন্ত্রীর সম্ভাব্য পরিদর্শনের স্থানগুলো এবং এর আশেপাশে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।
জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান বলেন, আলোকিত লালমনিরহাট এর মতো সামাজিক আন্দোলনকে সফল করা গেলে এই আন্দোলন সারাদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমরা সবাই মিলে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
ডিএস./



















