একটি নাটকের প্রচারকে কেন্দ্র করে তৈরি হয়েছিল দূরত্ব। এরপর তিন বছরের বেশি সময় একসঙ্গে কোনো নাটকে দেখা যায়নি ছোট পর্দার জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিণকে। অবশেষে সেই অভিমানের বরফ গলেছে।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন নাটক ‘প্রাণ সখিয়া’ দিয়ে আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন এই দুই অভিনয়শিল্পী।
জোভান ও ফারিণের মধ্যে দূরত্বের শুরু ২০২৩ সালে। ‘জানেমান তুই আমার’ নাটকের প্রচারকে কেন্দ্র করে ফারিণের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন জোভান। নাম উল্লেখ না করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, ওয়েব প্ল্যাটফর্মে কাজ করা অনেক অভিনয়শিল্পী টেলিভিশন নাটককে অবজ্ঞার চোখে দেখেন।
ওই পোস্টে জোভান আক্ষেপ করে জানিয়েছিলেন, ‘জানেমান তুই আমার’ নাটক মুক্তি পেলেও সংশ্লিষ্ট অভিনেত্রীর প্রচারে কোনো আগ্রহ দেখা যায়নি। অথচ ওটিটির কাজ নিয়ে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাচ্ছেন তিনি। জোভানের এমন মন্তব্যে অনেকেই ফারিণের দিকেই ইঙ্গিত দেখেছিলেন।
বিষয়টি নিয়ে তখন বিস্ময় প্রকাশ করেছিলেন ফারিণ। তার বক্তব্য ছিল, নাটক দিয়েই তার অভিনয়জীবন শুরু। তাই এই মাধ্যমকে কখনো ছোট করে দেখার প্রশ্নই আসে না। দুজনের মধ্যে প্রকাশ্যে বড় কোনো বিরোধ না হলেও এরপর আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি তাদের।
দীর্ঘ বিরতির পর এবার সেই দূরত্ব ঘুচতে যাচ্ছে। সম্প্রতি শুরু হয়েছে ‘প্রাণ সখিয়া’ নাটকের শুটিং। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ শুটিং ইউনিট থেকে জোভান ও ফারিণের একসঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নতুন নাটকের খবর জানিয়েছেন।
এদিকে শুধু জোভানের সঙ্গেই নয়, ‘প্রাণ সখিয়া’ দিয়ে দীর্ঘদিন পর টেলিভিশন নাটকেও ফিরছেন ফারিণ। ওয়েব কনটেন্ট ও সিনেমায় ব্যস্ত হয়ে পড়ার পর ছোট পর্দায় তার উপস্থিতি কমে গিয়েছিল। গত রোজার ঈদে শাকিব খানের সঙ্গে ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তবে সিনেমাটি প্রত্যাশিত সাফল্য পায়নি।
চলতি মাসে ‘ডাকাতিয়া বাঁশি’ নামের একটি ওয়েব সিরিজ দিয়ে আবারও অভিনয়ে ফিরেছেন ফারিণ। ইমরাউল রাফাত পরিচালিত সিরিজটি বছরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সব মিলিয়ে ‘প্রাণ সখিয়া’ শুধু জোভান-ফারিণের নতুন কাজ নয়, তিন বছরের বিরতি ও পুরোনো অভিমান পেছনে ফেলে তাদের একসঙ্গে ফেরার ঘটনাও দর্শকদের আগ্রহের কারণ হয়ে উঠেছে।
_Rs_




















