চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউজনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে নিজ বাড়ির সামনে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- হাউজনগর গ্রামের বকুল হোসেনের স্ত্রী মিলিয়ারা (৪৫) ও লিমু খাতুনও (১৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়ির সামনে দোকান খুলতে গিয়ে দোকানের লোহার রডে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন মা মিলিয়ারা। এ সময় মাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে বাঁচাতে এগিয়ে গেলে মেয়ে লিমু খাতুন নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ আলী সকাল ৭টা ৪৫ মিনিটে মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
_Rs_




















