উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তাতে সাড়া দেয়নি পিয়ংইয়ং। ট্রাম্পের যোগাযোগের সব চেষ্টাকেই উপেক্ষা করেছেন কিম।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, গত বছর ট্রাম্প আনুষ্ঠানিক ফোন লাইন ও অন্যান্য যোগাযোগমাধ্যমের সাহায্যে কিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। কিন্তু উত্তর কোরিয়ার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
এরপর ট্রাম্প কিমকে একটি চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেন। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, হোয়াইট হাউজের কর্মকর্তারা নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত জাতিসংঘের উত্তর কোরিয়া কার্যালয়ের মাধ্যমে চিঠিটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছিলেন।
মার্কিন কর্মকর্তাদের একটি দল ওই কার্যালয়ের বাইরে অপেক্ষা করছিল। উত্তর কোরিয়ার এক কূটনীতিক পাশ দিয়ে যাওয়ার সময় তারা দ্রুত তার হাতে চিঠিটি তুলে দেন। তবে পরে জাতিসংঘের একটি বৈঠকে ওই কূটনীতিক চিঠিটি না খুলেই এক মার্কিন প্রতিনিধির সামনে রেখে দেন।
ট্রাম্পের প্রথম মেয়াদে দুই নেতা তিনবার সাক্ষাৎ করেছিলেন। তাদের মূল লক্ষ্য ছিল উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র ত্যাগ করতে রাজি করানো। কিন্তু এখন মনে হচ্ছে, কিমের এ বিষয়ে কোনো আগ্রহ নেই। এমনকি ট্রাম্পের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনেও তিনি আগ্রহী নন।
সম্প্রতি এশিয়া সফরের সময় ট্রাম্প কিমের সঙ্গে আরও একটি বৈঠক আয়োজনের চেষ্টা করেছিলেন। শেষ মুহূর্তে দুই পক্ষই বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিল। তবে প্রতিবেদন অনুযায়ী, কিম এমন কিছু শর্ত জুড়ে দিয়েছিলেন, যা মেনে নেওয়া যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব ছিল না।
গত বছর যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা প্রতিবেদনেও এই সমস্যার কথা উল্লেখ করা হয়েছিল। সেখানে বলা হয়, কিমের কৌশলগত অস্ত্র কর্মসূচি আলোচনার মাধ্যমে ত্যাগ করার কোনো ইচ্ছা নেই।
২০১৯ সালে ট্রাম্পের সঙ্গে শেষবার সাক্ষাতের পর থেকে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার বেড়েছে। আগে যেখানে আনুমানিক ২০-৩০টি ওয়ারহেড ছিল, এখন তা বেড়ে প্রায় ৬০টিতে দাঁড়িয়েছে। এছাড়া দেশটি সলিড-ফুয়েল বা কঠিন জ্বালানিচালিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) তৈরি করেছে, যা যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে সক্ষম।
উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়িয়েছে এবং ক্রিপ্টোকারেন্সি চুরির মাধ্যমে অর্থ উপার্জন করছে। ফেব্রুয়ারিতে দেওয়া এক ভাষণে কিম বলেন, যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিকে মেনে নেয়, তবেই দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে পারে। অন্যথায়, তিনি সতর্ক করে দিয়ে বলেন, দুই দেশকে ‘চিরস্থায়ী সংঘাতের’ মুখোমুখি হতে হবে।
সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, এনডিটিভি।
ডিএস/























