মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলো দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কোথাও সড়কের পিচ উঠে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত, কোথাও ভেঙে গেছে সড়কের বিভিন্ন অংশ। আবার অনেক এলাকায় সামান্য বৃষ্টিতেই সড়কে জমে থাকছে হাঁটুপানি। সরু সড়ক ও ঝুঁকিপূর্ণ সেতু পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে উপজেলার বিভিন্ন এলাকার গ্রামীণ যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
প্রতিদিন এসব সড়ক দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে যাতায়াতের সময়, পরিবহন ব্যয় ও দুর্ঘটনার ঝুঁকি।
উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে জামালদী থেকে সোনালী মার্কেট সড়ক, ভাটেরচর-টেংগারচর সড়ক, বাউশিয়া এলাকার বিভিন্ন সড়ক এবং বালুয়াকান্দি কবরস্থান সড়কের দুরবস্থা স্থানীয় বাসিন্দাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব সড়কের বিভিন্ন অংশে ভাঙাচোরা অবস্থা ও বৃষ্টির পানিতে জলাবদ্ধতার কারণে স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বালুচর-শিমুলিয়া সড়কের গুয়াগাছিয়া গ্রামের অংশে চলাচলের দুর্ভোগ বিশেষভাবে চোখে পড়ার মতো। সড়কটি অত্যন্ত সরু ও ভাঙাচোরা। এর ওপর থাকা পুরোনো একটি সরু সেতুও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সড়কের দুই পাশে গাছপালা ও ঝোপঝাড় থাকায় চলাচলের জায়গা আরও সংকুচিত হয়ে পড়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর, শিমুলিয়া, গুয়াগাছিয়া, কদমতলী, দত্তেরচর, বসুরচর ও ভাষারচরসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ এই সড়কের ওপর নির্ভরশীল। গুরুত্বপূর্ণ এই যোগাযোগপথটি প্রশস্ত ও সংস্কার না করায় দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে তাঁদের।
অন্যদিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা নিয়মিত দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
টেংগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ফকির বাড়ি পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে পানি জমে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। বৃষ্টির সময় কোথাও কোথাও হাঁটুপানি জমে যাওয়ায় পথচারী ও যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সড়কের গর্ত পানির নিচে তলিয়ে থাকায় পথচারী ও যানবাহনচালকদের পক্ষে ক্ষতিগ্রস্ত অংশ চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে। এতে বিশেষ করে শিশু শিক্ষার্থী, বয়স্ক মানুষ ও মোটরসাইকেল আরোহীদের দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।
এ ছাড়া বরকান্দী ও ভাটেরচর এলাকার বিভিন্ন সড়কেও ভাঙাচোরা অবস্থা এবং পানি নিষ্কাশনের সমস্যা স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বাড়াচ্ছে।
শুধু সড়ক সংস্কার নয়, প্রয়োজন কার্যকর পানি নিষ্কাশনব্যবস্থা।
গজারিয়ার বিভিন্ন এলাকার সড়কের দুরবস্থা শুধু পিচ উঠে যাওয়া কিংবা গর্ত সৃষ্টির মধ্যেই সীমাবদ্ধ নয়। বৃষ্টির পানি দ্রুত সরে যাওয়ার ব্যবস্থা না থাকায় অনেক স্থানে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। ফলে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ আরও নাজুক হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে উপজেলা প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, গজারিয়া উপজেলায় উপজেলা সড়ক, ইউনিয়ন সড়ক, গ্রামীণ সড়ক ‘এ’ এবং গ্রামীণ সড়ক ‘বি’—এই চার শ্রেণিতে মোট ১৬৭ কিলোমিটার সড়ক নেটওয়ার্ক রয়েছে। এসব সড়কের কিছু অংশ প্রতিবছর সরকারি রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় মেরামত ও সংস্কার করা হয়।
গজারিয়া উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন জানান, উপজেলার চার শ্রেণির সড়ক মিলিয়ে মোট ১৬৭ কিলোমিটার সড়ক রয়েছে। প্রতিবছর সরকারি রক্ষণাবেক্ষণ কর্মসূচির মাধ্যমে এসব সড়কের কিছু অংশ মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হয়।
তিনি জানান, চলতি বছর ছয়টি সড়কের সংস্কারকাজের জন্য দরপত্র প্রক্রিয়া শুরু হয়েছে। দরপত্রের আনুষ্ঠানিকতা শেষ হলে দ্রুত কাজ শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উপজেলা প্রকৌশলী আরও জানান, অন্যান্য সড়কের উন্নয়ন ও সংস্কারের জন্য ঢাকা বিভাগের সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্প, সম্প্রতি একনেকে অনুমোদিত প্রকল্প এবং মুন্সিগঞ্জ সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় প্রস্তাব পাঠানো হয়েছে। সংসদ সদস্যের ডিও লেটারের ভিত্তিতেও সংশ্লিষ্ট প্রকল্পে সড়ক উন্নয়নের প্রস্তাব পাঠানো হয়েছে।এসব প্রস্তাব অনুমোদন পেলে প্রয়োজনীয় সরেজমিন পরিমাপ, কারিগরি যাচাই ও ব্যয় প্রাক্কলন প্রস্তুত করা হবে। পরবর্তী সময়ে সদর দপ্তরের অনুমোদন সাপেক্ষে দরপত্র আহ্বানের মাধ্যমে উন্নয়নকাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
ডিএস./




















