গাজীপুরের টঙ্গীতে জুনায়েদ (২৫) নামে এক আনসার সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। জুনায়েদ টঙ্গীর মরকুনে জাতীয় শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গুদামে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন।
টঙ্গী থানার এসআই আশরাফুল জানান, শনিবার ১০টার দিকে জুনায়েদ তার কর্মস্থলে দায়িত্ব পালন করতে যান। রাত ১১টার দিকে তিনি গুদামের বাথরুমে যান। এ সময় সেখানে একটি গুলির শব্দ শুনতে পান তার সহকর্মীরা। পরে সহকর্মীরা সেখানে ছুটে গিয়ে জুনায়েদের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন।
তিনি জানান, জুনায়েদ নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়।


















