রাজশাহীর তানোরে ৪টি হাতবোমা ও ৫টি পেট্রোল বোমাসহ এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার বারোঘরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জামায়াত নেতা ওবাইদুর রহমান (৪৭) উপজেলা জামায়াতের রোকন বলে জানিয়েছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) আবদুর রাজ্জাক খান।
তিনি জানান, নাশকতার পরিকল্পনা করছে তানোরের জামায়াত নেতা ওবাইদুর রহমান- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওবাইদুরের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে আটকের পর তার বাড়ি তল্লাশী চালিয়ে চারটি হাতবোমা ও পাঁচটি পেট্রোল বোমা পাওয়া যায়। তার বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার আটটি থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন আবদুর রাজ্জাক খান। এ সময় বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গোদাগাড়ী থানায় পাঁচজন, তানোর থানায় পাঁচজন, মোহনপুরে ছয়জন, পুঠিয়ায় চারজন, বাগমারায় তিনজন, দুর্গাপুরে চারজন, চারঘাটে ১১ জন ও বাঘা থানায় সাতজনকে আটক করা হয়েছে।



















