রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন শপথগ্রহণ করেছেন। বুধবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে মেয়র লিটনকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০ জন সাধারণ ও ১০ জন সংরক্ষিত নারী কাউন্সিলর শপথগ্রহণ করেন। তাদের শপথবাক্য পাঠ করার স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
এদিকে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মাথায় নিয়ে বুধবার রাসিকের মেয়র হিসেবে দ্বিতীয় বারের মত শপথ নেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথগ্রহণ অনুষ্ঠানে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-১ আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৪ আসনের এমপি এনামুল হক, রাজশাহী-৫ আসনের সাংসদ আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ আক্তার জাহান, মেয়র-পত্নী ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আক্তার রেণী, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি মীর ইকবাল, মাহফুজুর রহমান লোটন, শফিকুর রহমান বাদশা, শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলাম বেন্টু, উপ-প্রচার সম্পাদক ইসতিয়াক আহমেদ লেমন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সামিল উদ্দিন আহমেদ শিমুল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ প্রমুখ।
উল্লেখ্য, গত ৩০ জুলাই রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রাজশাহী সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীকে ১ লাখ ৬৬ হাজার ৩৯৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।
শপথ নেয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বুধবার দুপুরে রাজশাহী আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দেয়া খায়ের করেন মেয়র লিটন।
শপথগ্রহণ শেষে বের হয়ে খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, ‘আমি যখন শপথগ্রহণ করলাম তখন রাসিকের দেনা ১০১ কোটি টাকা। গত পাঁচ বছরে লুটপাটের কারণে এ আর্থিক ক্ষতির মুখে পড়েছে রাসিক। কিন্তু পাঁচ বছর আগে আমি যখন রাসিকের দায়িত্ব ছাড়ি তখন উদ্বৃত্ত রেখে এসেছিলাম ১৭ কোটি টাকা।’
মেয়র লিটন বলেন, ১০০ দিনের মধ্যে নগরকে ক্লিন সিটি হিসেবে গড়ে তোলা, রাসিকের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনা এবং নির্বাচনে আমার দেয়া ১৪ দফা প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন; আমার সামনে এই তিনটি চ্যালেঞ্জ রয়েছে। আমি আশা করছি নগরবাসীর সহযোগিতায় কাউন্সিলরদের সঙ্গে নিয়ে এ তিনটি চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে।
























