ফেনীতে প্রাইভেটকারের চাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুরের আলী নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক গাড়িটি জব্দ করতে পারলেও চালককে ধরতে পারেনি।
নিহতরা হলেন রাহেলা আক্তার (৪৮) ও তাঁর মেয়ে মমতাজ বেগম (২৫)। তাঁদের বাড়ি ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামে। ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় ওই দুই নারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির ওই প্রাইভেটকার তাঁদের চাপা দেয়। এতে রাহেলা আক্তার দুর্ঘটনাস্থলেই মারা যান। পরে বিকেলে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মমতাজ মারা যান।
এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ হাইওয়ে ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মো. মাহবুবুল আলম বলেন, ওই দুই নারীর লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



















