অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার ৬২তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে ৭দিনের সরকারি সফরে ভিয়েনা এসেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। ১৫ সেপ্টেম্বর রাতে এমিরেটস এয়ারলাইন্সে ভিয়েনা আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান তিনি।
বিমান বন্দরে তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানান সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ-সভাপতি এম নজরুল ইসলাম এবং অষ্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির।
ওই সময় বিমান বন্দরে উপস্থিত ছিলেন ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর এবং কাউন্সেলর ও দূতালয় প্রধান রাহাত বিন জামান।
১৭ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদর দপ্তরে সংস্থাটির ৬২তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ থেকে ১৯ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল ভিয়েনা এসেছেন। ২২ সেপ্টেম্বর তাঁদের দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।
























