মাটির গণেশ প্রতিমা দর্শনসহ পূজা অনুষ্ঠানে সনাতন ধর্মসহ অন্যান্য সম্প্রদায়ের মানুষের ঢল নেমেছে। গত শনিবার পত্নীতলা উপজেলায় এ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের যুবসমাজ। উপজেলা সদরের মাহমুদপুর গ্রামের পতনী যতনী মন্দিরে ২৭ ফুট উচ্চতার এ গণেশ প্রতিমা নির্মাণ করাসহ পূজার আয়োজন করায় এলাকায় হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করে।
গত ১৪ সেপ্টেম্বর থেকে ২ দিনব্যাপী শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ পূজা উপলক্ষে এ মন্দিরে আবির খেলাসহ মেলার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের মানুষেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ পূজা আয়োজন কমিটির সদস্যরা জানান, দ্বিতীয়বারের মতো পতনী যতনী মন্দিরে এ বছর পূজার আয়োজন করা হয়। গত বছর গণেশ প্রতিমা ছোট করা হয়েছিল। এ বছর ওই মন্দিরে ২৭ ফুট উচ্চতার গণেশ প্রতিমা নির্মাণসহ ১৫টি ঢাক এবং অন্যান্য বাদ্যযন্ত্র বাজিয়ে পূজা শেষ হয়।



















