যশোরের ঝিকরগাছা বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ঝিকরগাছা উপজেলার শংকরপুরের বাবলাতলায় শনিবার ভোরে ‘বন্দুকযুদ্ধে’ এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশের দাবি দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।
পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ কেজি গাঁজা উদ্ধার করেছে। তবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি।
যশোর কোতোয়ালি থানার উপ পরিদর্শক নূর-উন-নবী জানান, শনিবার ভোরে পুলিশ জানতে পারে শংকরপুর বাবলাতলা এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধ চলছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় মাদক ব্যবসায়ীর (বয়স আনুমানিক ৪৫) গুলিবিদ্ধ মরদেহ ও পরিত্যক্ত পাঁচ কেজি গাঁজা উদ্ধার করে। মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



















