ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ওসমান গণির মরদেহ রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে। সিঙ্গাপুর থেকে তার মরদেহ ঢাকায় আনা হচ্ছে
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার বেলা ১১টা ৪০ মিনিটে তার মরদেহ ঢাকায় পৌঁছার কথা রয়েছে। জানাজা বাদ জোহর গুলশান আজাদ মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য নগর ভবনের সামনে রাখা হবে মরদেহ।
দ্বিতীয় নামাজে জানাজা বাদ আসর বাড্ডা আলাতুন্নেছা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমান গণি। তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার ছেলে রেখে গেছেন।
জানা গেছে, গত জুলাইয়ে অসুস্থ হলে ওসমান গণিকে বারডেম হাসপাতালে নেয়া হয়। সেখানে চেকআপ করালে তার ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। গত ১৪ আগস্ট ছুটি নিয়ে সিঙ্গাপুর যান তিনি। এরপর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
গত মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট শুরু হলে তাকে আবার হাসপাতালে আনা হয়। এরপর তাকে নেয়া হয় আইসিইউতে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মেয়র আনিসুল হকের মৃত্যুর পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ওসমান গণি। ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর মেয়রের দায়িত্ব নেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে বাড্ডা থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
বিবি/জেজে


















