টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে বেইলি ব্রিজ ভেঙ্গে বালি ভর্তি ট্রাক খাদে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার দিবাগত রাতে নাগরপুর উপজেলা বারাপুষা বাজার সংলগ্ন খালে এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলা ভালকুটিয়া যাওয়ার পথে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের বারাপুষা বাজার সংলগ্ন খালের উপর নির্মিত বেইলি ব্রিজ ভেঙ্গে বালি ভর্তি একটি ট্রাক পানিতে পড়ে যায়। এতে কোন হতাহতের খবর জানা যায়নি। ব্রিজ ভেঙ্গে পড়ায় টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জেলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আমিমুল এসহান বলেন, টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে বারাপুষা নামকস্থানে বেইলি ব্রিজ ভেঙ্গে একটি ট্রাক খাদ পড়ার সংবাদ শুনেছি। স্থানীয় প্রশাসনে সহযোগিতা নিয়ে খাদ থেকে ট্রাকটি উদ্ধার করে দ্রুত ব্রিজটি মেরামত করে যানচলাচলের ব্যবস্থা করা হবে।




















