বগুড়ায় ভুল চিকিৎসায় স্কুলপড়ুয়া সাকিব হাসান (১৪)নামে এক স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগে অভিযুক্তদেরকে আইন আওতায় আনার দাবিতে নিজ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার দুপুরের শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় নিহত সাকিবের নিজ স্কুল ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয় এ মানববন্ধন কর্মসুচির আয়োজন করে। পরে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেছে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বগুড়া ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয়’র সহকারি প্রধান শিক্ষক একেএম আমিনুল হক, সহকারি শিক্ষক আবু তৈয়ব খন্দকার ডালিম, সুলতান আহম্মেদ, মাসুমি জান্নাত, রুমানা আকতার, মৌসুমী ফারাবি, রেহেনা আমিন শিল্পী, নিহতের বাবা আব্দুল আজিজ লিটন, চাচা সাজেদুল ইসলাম সাজু প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের সম্ভাবনাময় শিক্ষার্থী সাকিব হাসানকে ভুল চিকিৎসা করে তাকে হত্যা করা হয়েছে। এ হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়েরের পর দীর্ঘ দিন অতিবাহিত হলেও কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি প্রশাসন। এ কটি সম্ভাবনাময় জীবন ঝড়ে দিয়েছে যারা তাদেরকে অতিদ্রুত দেশের আইনের আওতায় আনা দাবি জানান।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এসএম বদিউজ্জামান জানান, নিহত স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের চেস্টা চালিয়ে যাওয়া হচ্ছে। যে কোন সময় অভিযুক্তদেরকে গ্রেফতার করা হতে পারে।
উল্লেখ্য, ১৮ জুলাই বুধবার দিনগত রাত ১০ টার দিকে শহরের সাতমাথা হয়ে শেরপুর রোডের সাতানী বাড়ীর সংলগ্ন ডলফিন কিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অপারেশনে ভুল চিকিৎসায় স্কুল ছাত্র সাকিব হাসান(১৪) এর মৃত্যু হয়। সে শহরের ফুলদীঘি পূর্বপাড়ার আব্দুল আজিজ লিটনের ছেলে এবং শহরের ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার ডলফিন কিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, আসবারপত্র জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় পরের দিন কিনিক মালিক, চিকিৎসকসহ ৫ জনের বিরুদ্ধে নিহতের বাবা বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।
বিবি/ইম




















