ভোলার লালমোহনে লঞ্চ থেকে নদীতে পড়ে মো. মামুন (১৮) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার রাত ১২টায় ঢাকা থেকে লালমোহন আসার পথে চাঁদপুরের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ মামুন উপজেলার পূর্ব চরউমেদ দারুল উলুম-লিল্লাহ মাদ্রাসার এতিমখানার কিতাব বিভাগের ছাত্র এবং ধলীগৌরনগর ইউনিয়নের চরমোল্লাজী গ্রামের অটো চালক মো. মাহাবুব আলমের ছেলে।
জানা যায়, শুক্রবার ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে গ্লোরি অব শ্রীনগর-২ লঞ্চে যোগে আসার সময় রাতে সে লঞ্চের পেছনে টয়লেটে যায়। পরে সেখান থেকে বের হয়ে লঞ্চের পাশে গেলে অসতর্কতাবশত সে নদীতে পড়ে যায়। লঞ্চ কর্তৃপক্ষ অনেক খোঁজ করেও তার সন্ধান পায়নি।
এ ঘটনায় নিখোঁজ মামুনের বাবা লালমোহন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।




















