ফতুল্লায় স্ত্রী আফরিন আক্তার রানীকে (২৩) শ্বাসরোধে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে স্বামী মেহেদী হাসান (৩০)। শুক্রবার দুপুরে ফতুল্লার চাঁদনী হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আফরিন আক্তার রানী নাটোর জেলার বাঘাদিপাড়ার সরদীয়া এলাকার আব্দুর রহিমের মেয়ে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মামুন আল আবেদ জানান, গত দুই বছর আগে আফরিন আক্তার রানীকে বিয়ে করে মেহেদী হাসান। বিয়ের পর তারা ফতুল্লার চাঁদনী হাউজিং এলাকার ওমর ফারুকের বাড়ির ২য় তলার ভাড়া বাড়িতে বসবাস করে আসছিল। গত বৃহস্পতিবার রাতে মোবাইলের চার্জ দেওয়া নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়ার একপর্যায়ে মেহেদী তার স্ত্রীকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে থানায় গিয়ে মেহেদি হাসান বলেন, ‘ওসি সাহেব আমি আমার স্ত্রীকে হত্যা করেছি। আমার বিরুদ্ধে ব্যবস্থা নিন’।
উপ-পরিদর্শক আরও বলেন, আফরিন আক্তার রানীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ১শ’ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
বিবি/এসআর




















