রাজধানীর শ্যামপুরে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাই শেখ ইসলাম পাভেলকে (২২) ছুরিকাঘাত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দিবাগত মধ্যরাতে পশ্চিম জুরাইন মাজারগেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পাভেল পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কেশবপুর গ্রামের মনির হোসেনের ছেলে। তাঁর পরিবার পশ্চিম জুরাইন মাজারগেট এলাকায় থাকে।
পাভেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা বন্ধু বিল্লাল হোসেন গণমাধ্যমের কাছে দাবি করেন, রাতে জুরাইন মাজারগেট এলাকায় তুহিন ও শাহিন নামের দুই যুবকের সঙ্গে পাভেলের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁর পেটে ছুরিকাঘাত করা হয়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে তাঁকে অস্ত্রোপচারের জন্য নেওয়া হয়।
আহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পাভেলের বোনকে তুহিন ও শাহিন উত্ত্যক্ত করত। পাভেল এর প্রতিবাদ করেছিলেন। এর জেরেই পাভেলকে ছুরিকাঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ তাদের আটকের চেষ্টা করছে।
বিবি/জেজে
























