পোশাক শ্রমিকদের আইনগত পাওনা পরিশোধের দাবি জানিয়েছে নাজ নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা। সেই সঙ্গে শ্রমিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক শ্রমিক সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিভিন্ন কারণে নাজ নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা আজ আইনগত পাওনা থেকে বঞ্চিত। তারা তাদের প্রাপ্য পাওনা পাচ্ছে না সেই প্রতিষ্ঠান থেকে। পাওনা আদায়সহ বিভিন্ন সমস্যার কারণে শ্রমিকরা প্রতিবাদ করায় শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। যা কোনোভাবেই কাম্য নয়।
শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, এই ধরনের মামলার ফলে শ্রমিকরা হয়রানির শিকার হলে পোশাক শ্রমিকসহ সাধারণ মানুষ প্রশাসনের ওপর আস্থা হারাবে। শ্রমিকরা স্বল্প বেতনে চাকরি করে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করে। এসবের মধ্যেই যদি তারা তাদের আইনগত পাওনা না পায় তাহলে এই অসহায় শ্রমিকরা কোথায় যাবে? তাই অবিলম্বে কারখানার শ্রমিকদের আইনগত পাওনা অবিলম্বে পরিশোধ করে দেয়ার দাবি জানান তারা।
কারখানাটির শ্রমিক নেতা সোহেল রানার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন পোশাক শ্রমিক অধিকার আন্দোলনের সাবেক সমন্বয়কারী মাহাবুবুর রহমান ইসমাইল, ইডাস্ট্রিঅল বাংলাদেশের সহ সাধারণ সম্পাদক নূর ইসলাম, পোশাক শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চের সদস্য সচিব শফিকুল ইসলাম, পোশাক শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়কারী মাহতাব উদ্দিন প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিবি/রেআ
























