একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করতে ৩০০ আসনের মধ্যে ৪৮টি আসন প্রাথমিকভাবে বাছাই করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এর মধ্যে ছয়টিতে পূর্ণাঙ্গভাবে ইভিএম ব্যবহারের পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার বিকেল ৫টায় এই ছয়টি আসন লটারির মাধ্যমে চূড়ান্ত করবে ইসি।
ইসির জনসংযোগ অধিশাখার পরিচালক এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি সংসদীয় আসনে সম্পূর্ণভাবে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। সিটি করপোরেশন ও জেলা সদর সংশ্লিষ্ট ৪৮ আসনের মধ্য থেকে দৈবচয়নের মাধ্যমে ওই ছয় আসন নির্ধারণ করা হবে।
এতে বলা হয়, সোমবার বিকেল ৫টায় সাংবাদিকদের উপস্থিতিতে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে দৈবচয়ন অনুষ্ঠিত হবে।
সিটি করপোরেশন ও জেলার সংশ্লিষ্ট ইসির তালিকায় থাকা আসনগুলো হচ্ছে- ঠাকুরগাঁও-১, দিনাজপুর-৩, নীলফামারী-২, লালমনিরহাট-৩, রংপুর-৩, গাইবান্ধা-২, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-৩, নওগাঁ-৫, রাজশাহী-২, পাবনা-৫, কুষ্টিয়া-৩, খুলনা-২, খুলনা-৩, সাতক্ষীরা-২, ভোলা-১, বরিশাল-৫, টাঙ্গাইল-৫, জামালপুর-৫, শেরপুর-১, ময়মনসিংহ-৪, ঢাকা ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, গাজীপুর-২, নরসিংদী-১, নরসিংদী-২, নারায়ণগঞ্জ-৪, নারায়ণগঞ্জ-৫, ফরিদপুর-৩, মাদারীপুর-১, সিলেট-১, কুমিল্লা-৬, ফেনী-২, চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১০, চট্টগ্রাম-১১।
ইসি কর্মকর্তারা জানান, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ সংশ্লিষ্টরা শহরাঞ্চলের ৪৮টি আসন ইভিএমের জন্য উপযুক্ত হিসেবে বাছাই করেছে। এর মধ্য থেকে দ্বৈবচয়নের ভিত্তিতে ছয়টি আসন চূড়ান্ত করা হবে।
২৮ নভেম্বর এ ছয়টি আসন বাছাইয়ের কথা থাকলেও রবিবার সিদ্ধান্ত হয়েছে, ২৬ নভেম্বর অর্থাৎ সোমবার লটারিটি হবে।
সিইসি কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরী ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ সময় উপস্থিত থাকবেন।
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেয়া হবে ১০ ডিসেম্বর।
বিবি/জেজে






















