শুরু থেকে শেষ পর্যন্ত হলো তুমুল লড়াই। তবে শেষ হাসি হাসল রিয়াল মাদ্রিদ। শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় পেল স্প্যানিশ জায়ান্টরা। চ্যাম্পিয়নস লিগে আয়াক্সকে ২-১ গোলে হারিয়েছে তারা
ঘরের মাঠে দারুণ উজ্জীবিত ছিল আয়াক্স। বারবার রিয়ালের আক্রমণ ভেস্তে দিয়েছে। পাল্টা আক্রমণে অতিথিদের ঘাম ঝরিয়েছে। প্রথমে জালে বল পাঠায় স্বাগতিকরাই। ৩৮ মিনিটে হেডে নিশানাভেদ করেন নিকোলাস তাগলিয়াফিকো। তবে তাদিচ অফসাইডে থাকায় ভিএআরের সহায়তায় গোলটি বাতিল করেন রেফারি।
প্রথমার্ধে গোলশূন্য ড্র খেলা দ্বিতীয়ার্ধে আরো জমে ওঠে। গোল পেতে মরিয়া হয়ে পড়ে দুই দলই। তবে এগিয়ে যায় রিয়াল। ৬০ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে দলকে লিড এনে দেন করিম বেনজেমা। ডি-বক্সে ভিনিসিউসের পাস ধরে বজ্রগতির শটে বল ঠিকানায় পাঠান তিনি।
তবে এ আনন্দ বেশিক্ষণ থাকেনি রিয়ালের। ৭৫ মিনিটে অতিথিদের স্তব্ধ করে আয়াক্সকে সমতায় ফেরান হাকিম। ডি-বক্সে নেরেসের বাড়ানো বল পেয়ে ঠাণ্ডা মাথায় নিখুঁত প্লেসিং শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। এতে হাড্ডাহাড্ডি লড়াই আরো বেগবান হয়। গোল পেতে মুখিয়ে থাকে দুই দল। একে অপরের শিবিরে তোলে আক্রমণের ঢেউ।
এবার আর নিস্তার পায়নি আয়াক্স। ৮৭ মিনিটে সফল লক্ষ্যভেদে দলকে জয় এনে দেন মার্কো আসেনসিও। দানি কারভাহালের দূরের পোস্টে বাড়ানো দুর্দান্ত ক্রসে পা বাড়িয়ে বল লক্ষ্যে পাঠান তিনি। তবে দুর্দান্ত জয়ের পরও অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে সর্বোচ্চ ১৩বারের ইউরোপ চ্যাম্পিয়নরা। ইনজুরি টাইমে সার্জিও রামোস হলুদ কার্ড পাওয়ায় আসছে ৫ মার্চ ফিরতি পর্বে নিজেদের দূর্গে অধিনায়ককে পাবে না তারা।
বিবি/রেআ
























