খারাপ আবহাওয়ার কারণে দেশের অভ্যন্তরীণ বেশ কয়েকটি নদীবন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়াও আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের অনেক স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এর আগে বুধবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ সব নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম-উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়।
তবে সকাল ৯টার পর রাজশাহী, পাবনা, খুলনা, যশোর, কুষ্টিয়া, মাদারিপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, চাঁদপুর ও ঢাকা নদীবন্দরকে দুই নম্বর সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া বাকি সব নদীবন্দরের জন্য ১ নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে।
টেলিফোনযোগে আজকের বিজনেস বাংলাদেশকে আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিবি/রেআ





















