উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে অনিয়মের অভিযোগে কুমিল্লার তিতাস উপজেলার সব কেন্দ্র ও চারটি উপজেলার নয়টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (চলতি দায়িত্ব) এস এম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় তিনটি ও কুমিল্লার তিনটি উপজেলায় দুটি করে ছয়টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। এছাড়া, রাতে ব্যালট বাক্স ভর্তি করে রাখায় রোববার সকালে কুমিল্লার তিতাস উপজেলার চারটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। দুপুরে গোটা তিতাস উপজেলায় ভোটগ্রহণ স্থগিত করা হয়।
যেসব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে তা হলো- লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভবেরচর ওয়াজির আলী উচ্চ বিদ্যালয় ও বৈদ্যরগাঁও সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়। কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জোয়াগ আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। মেঘনা উপজেলার চন্দনপুর এম এ উচ্চ বিদ্যালয় ও বৈদ্যনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। হোমনা উপজেলার হোমনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র।
উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে পাঁচ বিভাগের ২২ জেলার ১০৭টি উপজেলায় আজ রোববার ভোটগ্রহণ হয়। এর মধ্যে ছয়টি জেলার সদর উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হয়।
বিবি/ ইএম





















