বান্দরবানের লামা উপজেলাসহ বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলার ৪৩টি উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে শপথ অনুষ্ঠান হয়। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মান্নান তাদের শপথবাক্য পাঠ করান।
শপথ পাঠ শেষে বিভাগীয় কমিশনার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড, সন্দ্বীপ, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, মিরসরাই, রাউজান, পটিয়া, বোয়ালখালী, আনোয়ারা, বাঁশখালী ও হাটহাজারী উপজেলা; কক্সবাজার জেলার সদর, মহেশখালী, পেকুয়া, রামু, টেকনাফ, উখিয়া ও চকরিয়া উপজেলা; বান্দরবান জেলার সদর, রুমা, আলীকদম, রোয়াংছড়ি, থানচি, লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলা; খাগড়াছড়ি জেলার সদর, পানছড়ি, রামগড়, মহালছড়ি, দীঘিনালা, মাটিরাঙা, মানিকছড়ি ও লক্ষীছড়ি উপজেলা; রাঙামাটি জেলার সদর, বাঘাইছড়ি, লংগদু, রাজস্থলী, কাউখালী, নানিয়ারচর, জুরাছড়ি, বিলাইছড়ি, বরকল ও কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ পড়ানো হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুখ, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেন, শপথ গ্রহণের পর আপনারা যে দায়িত্ব কাঁধে নিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন থেকে জনগণের কিছু কর্তব্য ও অঙ্গীকার বাস্তবায়নের পালা শুরু হলো। শপথ গ্রহণের পর বৈধভাবে দায়িত্ব পালনের জন্য সরকারের কাছ থেকে সার্টিফিকেট অর্জন করলেন।
তিনি বলেন, উপজেলা পরিষদের উন্নয়নে প্রত্যেক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সৎ এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সরকারের দেয়া আমানত যাতে খেয়ানত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। উপজেলা নির্বাহী অফিসারদের সঙ্গে সমন্বয় করে সরকারি সেবা ও উন্নয়নের ছোঁয়া জনগণের দৌঁড়গোড়ায় পৌঁছে দিতে হবে।
মো. আবদুল মান্নান বলেন, বর্তমান সরকারের বিগত দশ বছরে প্রতিটি উন্নয়নসূচক দেশ এগ্রিয়ে যাওয়ার বিষয়টি এখন দৃশ্যমান। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। কোন ধরনের অপরাধ ও দুর্নীতিতে জড়ানো যাবে না। শপথের যাতে বরখেলাপ না হয় সেদিকে নজর রাখতে হবে।
বিবি/ ইএম





















