স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশের জনগণ জঙ্গিদের কোন প্রকার হুমকিকে ভয় পায় না। যেসব ব্যক্তিদের হুমকি দেওয়া হয়েছে তাদের আমরা নিরাপত্তার মধ্যে রাখবো। এই হুমকি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।
রবিবার সকালে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর আহ্বানে দেশের জনগণ চোখ-কান খোলা রেখেছে বলে আমরা জঙ্গি হামলা থেকে অনেকটাই মুক্ত হয়েছি। তার মানে এই নয়, আমাদের নিরাপত্তা বাহিনীরা চুপচাপ বসে আছে। আমরা জঙ্গিদের মূলোৎপাটন করেছি তা কখনও বলিনি, এখনও বলছি না। আমাদের জনগণ জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেয় না, অর্থায়ন করে না।’
সম্প্রতি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার অনুসারীরা তাদের প্রপাগান্ডা চ্যানেল বালাকোট মিডিয়াতে বাংলাদেশ ও ভারতে লোন উলফ হামলার পরিকল্পনা ও নির্দেশনা সম্বলিত একটি বার্তা প্রকাশ করে। টেলিগ্রামভিত্তিক প্রপাগান্ডা চ্যানেলগুলোতে ছড়িয়ে পড়া লোন উলফ নামে ওই অনলাইন ম্যাগাজিনে বাংলাদেশের তিন বিশিষ্ট নাগরিক শাহরিয়ার কবির, মুনতাসির মামুন ও সুলতানা কামালের নাম টার্গেট লিস্টে আছে বলে উল্লেখ করেছে।
মানবাধিকার কর্মী সুলতানা কামাল নিরাপত্তা চেয়ে ধানমণ্ডি থানায় শনিবার (৪ মে) একটি সাধারণ ডায়েরি করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও সক্ষমতা বেড়েছে। তারা একের পর এক জঙ্গিদের দমন করছে। লোন উলফ ম্যাগাজিনের মার্চে প্রকাশিত সংখ্যায় দেশের কয়েকজনকে হুমকি দেওয়া হয়েছে। এই হুমকি-ধামকিতে এদেশের জনগণ ভয় পায় না। ’
বিবি/জেজে
























