ফেনী-৩ আসনের (সোনাগাজী) সাবেক সংসদ সদস্য এবিএম তালেব আলী (৯২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৭ মে) সকালে ফেনী শহরের নাজির রোডের নিজ বাসভবনে ইন্তেকাল তিনি করেন।
দুপুর ২টায় ফেনীর মিজান ময়দানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় , বিকেল ৪টায় সোনাগাজীর বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা ও সাড়ে ৫টায় উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চর গোপালগাঁও গ্রামে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
এবিএম তালেব আলী ১৯৭০ সালের নির্বাচনে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ) , ৭৩ ও ৭৯ সালে পরপর দুইবার বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন। তালেব আলী সোনাগাজীর বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, ফেনী মহকুমা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন।
তার মৃত্যুতে ফেনী জেলা আওয়ামী লীগ, জেলা শিক্ষক সমিতিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন গভীয় শোক প্রকাশ করেছেন।
বিবি/ ইএম





















