জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রবিবার (১৪ জুলাই) রাষ্ট্রপতি এক শোকবার্তায় এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
১০ দিন ধরে ঢাকার সিএমএইচ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ। হাসপাতালটির চিকিৎসকরা রবিবার সকাল পৌনে ৮টায় তার মৃত্যুর ঘোষণা দেন।
তার মৃত্যুতে পৃথক পৃথক শোকবাণীতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী।
জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে শনিবার (১৩ জুলাই) সর্বশেষ ব্রিফিংয়ে এরশাদের ছোট ভাই ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের জানিয়েছিলেন, কিডনি ও লিভারসহ তার প্রধান অঙ্গগুলো কাজ করছে না।
রক্তে হিমোগ্লোবিন ও লিভারে দীর্ঘদিনের সমস্যার পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ২৬ জুন সিএমএইচে ভর্তি হন এরশাদ। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।
বিবি/জেজে


























