ঢাকা: সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষ যাতে হয়রানি না হয় জেলা প্রশাসকদের (ডিসি) সেদিকে বিশেষ নজর দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিসিদের তিনি বলেন, ‘জনগণের প্রতি আপনাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষ যাতে কোনোভাবেই হয়রানি বা বঞ্চনার শিকার না হন, সেদিকে আপনাদের লক্ষ রাখতে হবে।’ রবিবার (১৪ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলন-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের ৩০টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।
সরকার প্রধান বলেন, ‘সার্বিক উন্নয়ন করতে গেলে সুশাসন একান্তভাবে দরকার। উন্নয়নের ছোঁয়াটা যাতে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত মানুষের কাছে পৌঁছায়, সে লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে। এ জন্য জেলা প্রশাসকদেরও তাদের জায়গা থেকে ভূমিকা পালন করতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘তৃণমূল পর্যায়ের মানুষের জীবন মান যাতে উন্নত হয়। দারিদ্র্যসীমা থেকে মানুষ যেন উঠে আসতে পারে। তাদের ক্রয়ক্ষমতা যেন বাড়ে। গ্রাম থেকে শহরে আসার প্রবণতা যেন কমে—সেদিকে লক্ষ রেখে আমাদের সব পরিকল্পনা করতে হবে। এ ক্ষেত্রে মাঠ পর্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা রাখতে পারেন।’
দেশের উন্নয়নে স্থানীয় সরকারের গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, ‘দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে স্থানীয় সরকারকে আরও সক্রিয় ও শক্তিশালী করা প্রয়োজন।’ তিনি বলেন, ‘বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই অগ্রযাত্রা অব্যাহত রাখা একান্তভাবে প্রয়োজন। সেভাবে কাজ করতে হবে ।’
বিজনেস বাংলাদেশ-/ এমএ


























