ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাইদ খোকন বলেছেন, ‘ডিএসসিসি এলাকার কেউ যদি ডেঙ্গু রোগে আক্রান্ত হন তাহলে আমাদের হটলাইন নম্বরে (০৯৬১১০০০৯৯৯) কল দিয়ে জানান। স্বাস্থ্যকর্মীরা আপনার বাসায় পৌঁছে যাবেন। তারা বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেবেন। শুধু ডেঙ্গু রোগী নয়, যদি আবহাওয়াজনিত কোনও রোগ যেমন, সর্দি-জ্বর এ ধরনের কোনও রোগ হয় সেগুলোরও প্রাথমিক চিকিৎসা দেবে আমাদের মেডিক্যাল টিম। কিন্তু অনুরোধ আতঙ্কিত হবেন না।’
১৫ জুলাই (সোমবার)দুপুরে ডিএসসিসি নগর ভবনে ‘বিশেষ প্রাথমিক চিকিৎসাসেবা পক্ষ-১৯’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মেয়র বলেন, ‘যারা ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছেন তাদের জন্য আমরা বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৬৮টি মেডিক্যাল টিম গঠন করেছি। এ মেডিক্যাল টিম আমাদের ৪৭৬টি কেন্দ্রে বিনামূল্যে ওষুধ প্রদান করবেন। যদি আমাদের স্বাস্থ্যকর্মীরা মনে করেন যে, কোনও রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হবে তাহলে আমাদের মহানগর জেনারেল হাসপাতাল ও শিশু হাসপাতালে তাদের বিনামূল্যে ভর্তি করা হবে।’
তিনি বলেন, ‘ডিএসসিসি এলাকায় ডেঙ্গুর যে প্রাদুর্ভাব সেটি গত দুই-তিন বছরের তুলনায় এবার কিছুটা বেড়েছে। কিন্তু আতঙ্কিত হওয়ার মতো কোনও পরিস্থিতির সৃষ্টি হয়নি। তাই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। ঘাবড়ে যাওয়ারও কারণ নেই। আমরা বিশেষজ্ঞদের নিয়ে যে সেমিনার করেছি সেখানে তারা আমাদের জানিয়েছেন শতকরা ৯৭ থেকে ৯৯ ভাগ রোগী সামান্য জ্বরে আক্রান্ত হয় এবং ৭ থেকে ১০ দিনের মধ্যে তা সেরে যায়। তাই নাগরিকদের বলবো আপনারা সচেতন থাকবেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ শক্তি নিয়োগ করা হয়েছে।’
সাইদ খোকন বলেন, ‘১ জুলাই থেকে প্রতিটি পাড়া-মহল্লায়, অলিতে-গলিতে মশার ওষুধ ছিটানো হচ্ছে। পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ চলছে। ইমামদের খুতবার সময় মুসল্লিদের সচেতন করতে বলা হয়েছে। ধর্মীয় অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও নির্দেশনা দেওয়া আছে। জনগণকে সচেতন করার চেষ্টায় আমাদের চেষ্টার কোনও কমতি নেই। নগরবাসীকে সচেতন করার মধ্য দিয়ে আমরা ডেঙ্গু মোকাবিলায় এগিয়ে চলেছি। আমরা আশা করছি, দ্রুত সময়ের মধ্যে একটি ডেঙ্গু মুক্ত শহর নাগরিকদের জন্য নিশ্চিত করতে পারবো।’
বিজনেস বাংলাদেশ-/ এমএ
























