মোটা মহিলারা নাকি স্বর্গে যেতে পারবেন না, এমনই মত প্রকাশ করলেন ব্রাজিলের এক খ্রিস্টান ধর্মযাজক। এটা বলায় তিনি স্বর্গে যাবেন কিনা জানা নেই, তবে তাঁকে প্রাথমিক চিকিত্সা নিতে যেতে হয়েছে এ নিয়ে কোনও সন্দেহ নেই। এই বক্তব্যের পরই তাঁকে পিছন থেকে জোরে ধাক্কা মারেন এক মহিলা। মঞ্চ থেকে পড়ে গিয়ে চোট পান ওই ধর্মযাজক।
ব্রাজিলের সাও পাওলোর এক চার্চে চলছিল খ্রিস্টানদের এক ধর্মীয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন প্রায় ৫০ হাজার মানুষ। মঞ্চে তখন বক্তব্য রাখছেন ধর্মযাজক মার্সেলো রোসি। জীবিত ও মৃত সবার শান্তি কামনায় তিনি বাইবেল থেকে কিছু উদ্ধৃতিও পাঠ করেন।
সবই ঠিকঠাক চলছিল। বিপদ হল যখন তিনি বলে বসেন, “মোটা মহিলারা স্বর্গে যেতে পারবেন না।” এই বক্তব্য হজম করতে পারেননি অনুষ্ঠানে আসা এক মোটা মহিলা। রোসির ওই মন্তব্যের পরেই তাঁকে পিছন থেকে ধাক্কা মারেন তিনি। ছিটকে গিয়ে নীচে পড়েন রোসি। সেই দৃশ্য ক্যামেরা বন্দিও হয়। তারই কয়েক সেকেন্ডের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
বিজনেস বাংলাদেশ-/ এমএ























