ইরানে সন্দেহভাজন ১৭ গুপ্তচরকে আটকের পর তাদের কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার ইরানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ছবিতে সন্দেহভাজন এই গুপ্তচরদের সঙ্গে সিআইএ’র কর্মকর্তাদের দেখা যায়। তেহরানের এই অভিযোগের ব্যাপারে তাৎক্ষণিকভাবে সিআইএ কিংবা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত জুনে ইরান সিআইএ গুপ্তচরদের একটি চক্র ভেঙে ফেলার ঘোষণা দেয়। তবে সোমবারের এই ঘোষণার সঙ্গে সেই চক্রের কোনো সম্পর্ক আছে কিনা তা এখনো পরিষ্কার নয়।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ২০১৯ সালের মার্চে শেষ হওয়া ইরানি ক্যালেন্ডার বর্ষে ১৭ গুপ্তচরকে আটক করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, শনাক্ত গুপ্তচররা ইরানের অর্থনৈতিক, পারমাণবিক, অবকাঠামোগত, সামরিক ও সাইবার ক্ষেত্রের মতো স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ বেসরকারি খাতে নিয়োজিত ছিল… সেখান থেকে তারা বিশেষ গোপনীয় তথ্য সংগ্রহ করেছিল।
পৃথক এক প্রতিবেদনে ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা ফার্স নিউজ অ্যাজেন্সি দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বলছে, গ্রেফতারকৃতদের কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সোমবার ইরানি একটি টেলিভিশনে প্রচারিত প্রামাণ্যচিত্রে দেখা যায়, সংযুক্ত আরব আমিরাতে এক ইরানি নাগরিককে নিয়োগ দিচ্ছেন সিআইএর এক কর্মকর্তা।
বিজনেস বাংলাদেশ-/ এমএ






















