রোহিঙ্গাদের সাথে কথা বলতে আসছে মিয়ানমারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা।
রোহিঙ্গা প্রত্যাবাসনের সামগ্রিক বিষয় জানাতে ও রোহিঙ্গাদের সঙ্গে কথা বলতে শুক্রবার (২৬ জুলাই) রাতে বাংলাদেশে আসবে মিয়ানমারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।
মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিবের নেতৃত্ব ১০ সদস্যের প্রতিনিধি দলটি কক্সবাজারের ক্যাম্পগুলোয় রোহিঙ্গা ও তাদের নেতাদের সঙ্গে কথা বলবেন। রোহিঙ্গাদের বোঝানো হবে রাখাইনে নিরাপদ পরিবেশ সৃষ্টি করা হয়েছে।
২০১৭ সালের ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে দেশটির সেনাবাহিনীর নির্মম নির্যাতন থেকে বাঁচতে পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা। তাদের প্রত্যাবাসনে দেশটির সঙ্গে চুক্তি হলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে দ্বিপাক্ষিক আলোচনায় পথ খোলা রেখেই প্রত্যাবাসন প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করছে বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন অবশ্য আশাবাদ ব্যক্ত করেছেন, সেপ্টেম্বরের মধ্যেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে। তিনি বলেন, আমি আশা করছি মিয়ানমার আপত্তি না জানায় তা হলে সেপ্টেম্বরের মধ্যেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করা যাবে। মিয়ানমার বর্তমানে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে আছে। তা ছাড়া সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশন। এ অবস্থায় মিয়ানমার সেখানকার চাপ এড়াতে চাইবে। তাই আমার মনে হচ্ছে সেপ্টেম্বরে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করা যাবে।
বিজনেস বাংলাদেশ-/এমএ


























